হাম উপসর্গ হাসপাতালে আসা অধিকাংশ শিশু নেয়নি টিকা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩১ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ণ
হাম উপসর্গ হাসপাতালে আসা অধিকাংশ শিশু নেয়নি টিকা

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৭৪ শিশু। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ সোমবার দিবাগত রাত ১২ টার আগের ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে ওই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি থাকা ১৩ শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত তিন মাসে হামের উপসর্গ দিয়ে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২৯৩ শিশু। এর মধ্যে চার শিশুর মৃত্যু হয়েছে। 

জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রেজাউল করিম বলেন, হাম উপসর্গ নিয়ে ৯ মাসের বেশি বয়সী যে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের বেশি ভাগই টিকা নেয় নি। তবে ব্যতিক্রমও আছে। যেমন টিকা দেয়া হয় বাচ্চার ৯ মাস বয়সের পর। কিন্তু ৯ মাসের কম বয়সী শিশুরাও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

তিনি আরও বলেন, স্বল্প জনবল নিয়ে এত শিশু রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শিশুদের চিকিৎসা দিতে। কিছু কিছু শিশুকে ক্রিটিক্যাল অবস্থাতেই হাসপাতালে পাচ্ছি। আমরা সেগুলোকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাচ্ছি উন্নত চিকিৎসার জন্য। 

 

Read more — স্থানীয়
← Home