শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৮ আগস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে একটি নির্মাণাধীন কালভার্টে ধাক্কা লেগে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত (৩৫) ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০)। এদের মধ্যে আবুল হায়াত ট্রাকের হেলপার (চালকের সহকারী) ও হাবিবুর রহমান ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৫ টার দিকে কাজ হায়াত ও হাবিবুর কাজ শেষে শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের দ্রুত গতির মোটরসাইকেলটি শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারায়। খবর পেয়ে পুলিশ দুই জনের মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Read more — স্থানীয়
← Home