১১ টিয়া অবমুক্ত করে ইউএনও’র হুঁশিয়ারি ‘ শিবগঞ্জে কোন পাখি শিকারি থাকবে না’

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ আগস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ
১১ টিয়া অবমুক্ত করে ইউএনও’র হুঁশিয়ারি ‘ শিবগঞ্জে কোন পাখি শিকারি থাকবে না’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১১টি টিয়া পাখি উদ্ধারের পর অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পাখি শিকারে ব্যবহৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকার একটি ভুট্টাক্ষেতে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। 

ইউএনও বলেন, পারচৌকা এলাকায় একটি ভুট্টাক্ষেতে টিয়াপাখি শিকার করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান চালানো হয়। তবে বিষয়টি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ১১ টিয়াপাখি ও শিকারে ব্যবহৃত জাল উদ্ধার করা হয়। পরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়। আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বিভিন্ন সরঞ্জাম। 

তিনি আরও বলেন, আমরা অভিযান অব্যাহত রাখবো। এই শিবগঞ্জে কোন পাখি শিকারি আর থাকবে না ইনশাআল্লাহ। এটা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মেসেজ। আমরাসাধারণ মানুষকে অনুরোধ জানাতে চাই- যদি পাখি শিকারিদের দেখেন বা কোন খোঁজ পান প্রশাসনকে জানাবেন। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবো। 

Read more — স্থানীয়
← Home