পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস-ট্রাক চলাচল শুরু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ আগস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ
পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস-ট্রাক চলাচল শুরু

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকদের একাংশের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার বেলা ৩ টার পর থেকে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল শুরু হয়েছে।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তাদের সংগঠনই অপর একটি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে সড়কে বেআইনীভাবে চাঁদা আদায় ও শ্রমিককে মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করে।

সাইদুর রহমান বলেন, ভোর থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। ফলে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। প্রশাসনের আশ্বাস ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে বেলা ৩ টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয়।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন’ নামে একটি সংগঠন সড়কে বাস আটকে বেআইনিভাবে চাঁদা তুলছে। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করে।

রাতে দুই সংগঠনের নেতারা বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বৈঠকে বসবেন বলেও জানান তিনি।

তবে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রউফ জুলমত বলেন, তাদের সংগঠন নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছেন। কিন্তু জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যানের পাশাপাশি বাস থেকে চাঁদা নিচ্ছে। অথচ বাস থেকে চাঁদা নেওয়ার অনুমতি ওই সংগঠনের নেই। এ সব বিষয় নিয়ে দুই সংগঠনের মধ্যে ৬ বার বৈঠক হয়। কিন্তু শেষ পর্যন্ত কোন সমাধান হয়নি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক বলেন, দুই সংগঠনের বিরোধ মেটাতে বুধবার রাতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে। এক ঘণ্টার বেশি সময় ধরেই আলোচনার পর দুই পক্ষের অনড় অবস্থানের জন্য সমঝোতা করা সম্ভব হয়নি। 

Read more — স্থানীয়
← Home