চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হচ্ছে শুক্রবার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ আগস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হচ্ছে শুক্রবার

চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’। বিকাল ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে। এবারের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৃষ্টপোষকতা করছে ‘এরফান গ্ৰুপ’। 

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় টুর্নামেন্টের পরিচালনা পদ্ধতি, রেফারিং, নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য মো. তোফিকুল ইসলাম তোফাসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা।

আয়োজকরা জানান, এবারের জেলা প্রশাসক গোল্ডকাপে স্থানীয় পর্যায়ে রেফারিংয়ের ওপর কোনো নির্ভরতা রাখা হচ্ছে না। আন্তঃজেলা পর্যায়ের শক্তিশালী ও নামীদামী দলগুলো এই আসরে অংশ নেবে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোতে মাঠের শান্তিশৃঙ্খলা ও সিদ্ধান্ত বাস্তবায়নে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। বাফুফের কেন্দ্রীয় প্যানেলের অভিজ্ঞতা সম্পন্ন রেফারিরা ম্যাচগুলো পরিচালনা করায় নিরপেক্ষতা নিয়ে দলগুলোর কোনো সংশয় থাকবে না এবং গ্যালারির দর্শকরাও বিতর্কহীন ফুটবল উপভোগ করতে পারবেন।

টুর্নামেন্টটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে পরিচালিত হবে। ফাইনাল লড়াইসহ পুরো টুর্নামেন্টে মোট ১১টি আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। 

শুরুর দিনে মাঠে নামবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম ভোলাহাট উপজেলা ফুটবল দল। 

Read more — স্থানীয়
← Home