মান যাচাই করতে হাসপাতোলের খাবার খেলেন সংসদ সদস্য

ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্স

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ণ
মান যাচাই করতে হাসপাতোলের খাবার খেলেন সংসদ সদস্য

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা। সভায় সভাপতিত্ব করছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান। বক্তৃতা শেষে হঠাৎ করেই তিনি হাসপাতালের খাবার চেয়ে বসেন। উদ্দেশ্য- হাসপাতালের রোগীরা যে খাবার খাচ্ছে প্রতিদিন, সেটার মান যাচাই করা। 

রোববার এ ঘটনার ছবি ছড়িয়ে পড়ার পর নেট দুনিয়ার প্রশংসায় ভাসছেন মিজানুর রহমান।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন পাল বলেন, সভায় হঠাৎ করেই স্যার (মিজানুর রহমান) স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের দেয়া খাবারের খোঁজ নেন। এক পর্যায়ে বলেন খাবার আনেন আমি খাবার খাবো। একজন বাবুর্চির মাধ্যমে খাবার আনা হয় এবং তিনি সম্মেলন কক্ষে বসেই খাবার খান।

তিনি আরও বলেন, রোববার দুপুরে খাবার তালিকায় ছিলো সাদা ভাত, মাছ ও সবজি। খাবার খেয়ে মান নিয়ে প্রশংসা করেছেন এমপি স্যার। খুশি হয়ে বাবুর্চি ও আরেক কর্মীকে বখশিসও দিয়েছেন।

সংসদ সদস্য মিজানুর রহমান খাবারের মান বজায় রাখার নির্দেশ দেন। তিনি বলেন, কোন অবস্থাতেই খাবার নিয়ে অনিয়ম সহ্য করা হবে না। এছাড়াও হাসপাতালের সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

সভায় আরও উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শামসুজ্জামান আলকেশ, সেক্রেটারি মোঃ তৌহিদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমানসহ অন্যরা।

Read more — স্থানীয়
← Home