আইনজীবী সমিতিতে সালিশকে ঘিরে দুই পক্ষের মারামারি, সাংবাদিক লাঞ্ছিত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৮ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ণ
আইনজীবী সমিতিতে সালিশকে ঘিরে দুই পক্ষের মারামারি, সাংবাদিক লাঞ্ছিত

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবী সমিতিতে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রোববার বিকালের ওই মারামারিতে আইনজীবীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় তিনজন সাংবাদিককেও লাঞ্ছিত করা হয়।

ঘটনার পর রাতে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব মামলা দায়েরের জন্য সদর থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন। 

এজাহারে তিনি উল্লেখ করেন, আদালতের নির্দেশে আইনজীবী সমিতিতে একটি সিআর মামলার বাদী-বিবাদী উভয়পক্ষকে নিয়ে সালিশ চলছিলো। ওই মামলার বাদী আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোঃ রাসেল আহম্মেদ রনি। সালিশ চলাকালীন কিছু বহিরাগত জোরপূর্বক একটি সালিশনামায় অ্যাডভোকেট রাসেল আহম্মেদ রনির স্বাক্ষর নেয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে ওই বহিরাগতদের হামলায় ছয় আইনজীবী আহত হয়েছেন। এরা হলেন- আব্দুর বারী-১, আব্দুর বারী-২, বশির আহম্মেদ, নাহিদ ইবনে মিজান, ফরহাদ হোসেন, সামিউল ইসলাম মিলন। এজাহারে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর দুলাল হোসেনও রয়েছেন। 

সাংবাদিক মাহমুদুল হাসান তুষার

তবে এ ব্যাপারে কথা বলার জন্য দুলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ওই পক্ষের অন্য কারো সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের এজাহার দায়েরের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সালিশকে ঘিরে বাদী-বিবাদী দুই পক্ষের লোকজন ও আইনজীবীদের মধ্যে মারামারি হয়। এতে আইনজীবীদের পাশাপাশি বিবাদী পক্ষের লোকজনও আহত হয়েছেন। তবে আহতের সংখ্যা কত তা এখনো নিশ্চিত নই। 

তিনি আরও বলেন, ঘটনার পর দ্রুত পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। 

এদিকে আইনজীবী সমিতিতে মারামারির খবর পেয়ে সেখানে তথ্য সংগ্রহে গেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের প্রতিনিধি মাহমুদুল হাসান তুষারকে আইনজীবীরা অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় তাকে লাঞ্ছিত করা হয়। তাকে ছাড়াতে গেলে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলের উপরও চড়াও হন আইনজীবীরা। 

Read more — স্থানীয়
← Home