১৯ মামলা মাথায় নিয়ে স্বামী-স্ত্রীর মাদকের সাম্রাজ্য, ডিএনসি’র অভিযানে আটক

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৮ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ণ
১৯ মামলা মাথায় নিয়ে স্বামী-স্ত্রীর মাদকের সাম্রাজ্য, ডিএনসি’র অভিযানে আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক দম্পতিকে আটকের পর সাজা দেয়া হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি- তাদের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। এতগুলো মামলা মাথায় নিয়েই তারা গড়ে তুলেছিলেন মাদকের সাম্রাজ্য।

সোমবার গোমস্তাপুর উপজেলার কেডিসিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৭০) ও তার স্ত্রী মোসা. সাজেদা বেগমকে (৪৭) আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

সাত্তার-সাজেদা দম্পতি কেডিসিপাড়ার বাসিন্দা।

ডিএনসি উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, সোমবার বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কেডিসিপাড়া থেকে ৭০ গ্রাম গাঁসাসহ সাজেদা বেগম ও ১৮০ গ্রাম গাঁজাসহ আব্দুস সাত্তারকে আটক করা হয়। পরবর্তীতে দুটি ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

 

<p><img src="https://www.chapailive.com/uploads/1779090190_a962fb367b348fa305bc.jpg">

 

তিনি আরও বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা’র  ভ্রাম্যমাণ আদালতে মো. আব্দুস সাত্তারকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অন্যদিকে সাজেদা বেগমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।

চৌধুরী ইমরুল হাসান জানান, সাত্তার-সাজেদা দম্পতির নামে মোট ১৯ টি মামলা রয়েছে। এরমধ্যে আব্দুস সাত্তারের বিরুদ্ধে ৯ টি এবং সাজেদা বেগমের বিরুদ্ধে ১০টি। এতগুলো মামলা মাথায় নিয়েই তারা কেডিসিপাড়ায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

Read more — স্থানীয়
← Home