স্নিগ্ধ-কোমল শরতের বিদায়বেলায় বন্ধুসভার শারদীয় আড্ডা

লাইভ রিপোর্ট
১১ অক্টোবর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ণ
স্নিগ্ধ-কোমল শরতের বিদায়বেলায় বন্ধুসভার শারদীয় আড্ডা

নীল আকাশে সাদা মেঘের ভেলা। জমিনে ঢেউ খেলানো কাশফুল। ভোরের বাতাসে শিউলির ঘ্রাণ। প্রখর গ্রীষ্ম  ম্লান করে কোমল, শান্ত-স্নিগ্ধ, উদার প্রকৃতি। এ যেন জানান দিচ্ছে প্রকৃতিতে এখন ‘শরৎ’। আরেকটু কান পাতলে শরৎ বলছে আমি আছি আর ক’দিনই মাত্র।

এমনই এক দিনে চাঁপাইনবাবগঞ্জে শারদীয় আড্ডার আয়োজন। প্রথম আলো-বন্ধুসভার এ আড্ডায় নাচ-গান আর আবৃত্তি যেন শরৎকে বলে দিল- এবার যাও, তবে আসছে বছর আবার এসো।

শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের স্কাউট ভবনের গোলাম রশিদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই ছিলো আলোচনা পর্ব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, সংগঠনের সাবেক সহসভাপতি সাংবাদিক রবিউল হাসান ডলার, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক ওজিফা খাতুন, বন্ধু তানিয়া খাতুন ও সাবরিন আক্তার।

এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান ও আয়েস উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান।

রবীন্দ্র সংগীত ‘তোমার মোহনো রূপে’- পরিবেশন করেন বন্ধু রামিজ আহমেদ। নৃত্য পরিবেশন করেন ওজিফা খাতুন ও রামিজ আহমেদ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান।

 

Read more — স্থানীয়
← Home