মাদক মামলায় চরবাগডাঙ্গা ইউপি সদস্য জুয়েলসহ দু’জনের যাবজ্জীবন

লাইভ রিপোর্ট
১২ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ণ
মাদক মামলায় চরবাগডাঙ্গা ইউপি সদস্য জুয়েলসহ দু’জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের উভয়কে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। 

রোববার বিকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও ফাটাপাড়া মালবাগডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে (বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুরের বাসিন্দা) জুয়েল রানা (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার ভাড়াটিয়া মুকুল রানার স্ত্রী ববিতা খাতুন (৩১)। রায় ঘোষণার সময় ববিতা আদালতে উপস্থিত থাকলেও জুয়েলা রানা পলাতক রয়েছেন।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ময়েজ উদ্দিন জানান, ২০২৩ সালের ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লায় ববিতার ভাড়াবাড়ি ও জুয়েল রানার বেলেপুকুরের বাড়িতে আলাদাভাবে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। অভিযানে ববিতার বাড়িতে ৭৫০ ও জুয়েলের বাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপপরিদর্শক মো. আসাদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার তদন্ত শেষে ববিতা ও জুয়েলকে অভিযুক্ত করে একই বছরের ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

Read more — স্থানীয়
← Home