বেঁধে দেওয়া সময়ে দেশে ফেরা হচ্ছে না অন্তঃসত্ত্বা সুনালী খাতুনসহ ৬ ভারতীয় নাগরিকের

চাঁপাইনবাবগঞ্জ আদালতে অভিযোগ গঠনের দিন পেছাল

লাইভ রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ণ
বেঁধে দেওয়া সময়ে দেশে ফেরা হচ্ছে না অন্তঃসত্ত্বা সুনালী খাতুনসহ ৬ ভারতীয় নাগরিকের

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পুশইনের পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠনের দিন পিছিয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) মো. আশরাফুল ইসলাম এ সংক্রান্ত আদেশ দেন। 

অভিযোগ গঠনের দিন পেছানোর কারণে কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ওই ভারতীয় নাগরিকদের দেশে ফেরা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। 

ওই ছয় ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ধিতোরা গ্রামের দানিশ শেখ (২৮), তার স্ত্রী সুনালী খাতুন (২৬), তাদের সন্তান সাব্বির শেখ (৮) এবং সুইটি বিবি (৩৩) ও তার দুই সন্তান, মো. কুরবান দেওয়ান (১৬) এবং মো. ইমাম দেওয়ান (৬)। এদের মধ্যে সুনালী খাতুন অন্তঃসত্ত্বা।

আসামী পক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু বলেন, আদালত আগামী ৬ নভেম্বর অভিযোগ গঠনের শুনানীর দিন ধার্য্য করেছেন। ওইদিন শুনানী শেষে অভিযোগ গঠন হবে বলে আমরা আশা করছি। 

তিনি বলেন- ধৃত ৬ জনই ভারতীয় নাগরিক, এ সংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করা হয়েছে। তারা আদালতে দোষ স্বীকার করতেও প্রস্তুত রয়েছে। 

গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে ওই ৬ ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে এক নারী অন্তসত্বা রয়েছেন। পশ্চিমপঙ্গের বীরভূম জেলার বাসিন্দা ওই ৬ ভারতীয় নাগরিক দিল্লীতে কাগজ কুড়ানোর কাজ করতেন। দিল্লী পুলিশ তাদের আটক করে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশইন করে। 

ঘটনাটি ভারতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশটিতে আলোচনার জন্ম দেয়। পরে গ্রেপ্তারকৃতদের পরিবার আদালতে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট গত ২৬ সেপ্টেম্বর ৬ ভারতীয় নাগরিককে ফেরাতে ৪ সপ্তাহের সময় বেধে দেয় দেশটির সরকারকে। আগামীকাল শুক্রবার এ সময়সীমা শেষ হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, কুড়িগ্রামের সীমান্ত দিয়ে পুশইনের পর ওই ছয় ভারতীয় নাগরিক ঢাকায় যান। সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জে আসেন। গ্রেপ্তারের সময় দেশের ফেরার আকুতি ছিল ওই ছয় ভারতীয় নাগরিকের। কিন্তু বৈধ কোন কাগজপত্র (পাসপোর্ট-ভিসা) না থাকায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়। এরপর আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

Read more — স্থানীয়
← Home