আপিলের শর্তে জামিন পেলেন বিএনপি নেতা চাইনিজ রফিক

লাইভ রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ণ
আপিলের শর্তে জামিন পেলেন বিএনপি নেতা চাইনিজ রফিক

চাঁপাইনবাবগঞ্জে চেক প্রত্যাখ্যান (ডিজঅনার) মামলায় কারাদাণ্ডের পর আপিলের শর্তে জামিন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিক। বুধবার দুপুরে সাজা প্রদানকারী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে তা মঞ্জুর হয়। রফিকুল ইসলামের আইনজীবী নূরে আল সিদ্দিকী আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত ২১ অক্টোবর চেক প্রত্যাখ্যান মামলায় রফিকুল ইসলামকে এক বছরের কারাদণ্ড ও চেকে উল্লেখিত ৪০ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন যুগ্ম জেলা ও দায়রা জজ আ. বা. মো. নাহিদুজ্জামান। ২০১৩ সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করেছিলেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের বাসিন্দা মো. হাম্মাদ আলী। 

আইনজীবী নূরে আল সিদ্দিকী আসাদ বলেন, রায়ের পর অর্থদণ্ডের অর্ধেক পরিমাণ অর্থ জমাপূর্বক সাজা প্রাদনাকারী আদালতে রফিকুল ইসলামের জামিন আবেদন করা হয়। ৩০ নভেম্বরের মধ্যে আপিলের শর্তে আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ আঃ বাঃ মোঃ নাহিদুজ্জামান জামিন মঞ্জুর করেন। নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে আপিল করা হবে। 

এদিকে জামিন পেয়ে আদালত চত্ত্বরে রফিকুল ইসলাম দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর হাম্মাদ আলী মিথ্যা মামলা দায়ের করেন তার বিরুদ্ধে। পরবর্তীতে বিএনপির কিছু নেতার প্রভাবে তার বিরুদ্ধে রায় দেন আদালত। বিচার বিভাগে এখনও রাজনৈতিক প্রভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে কিন্তু সেটা হয়নি। 

 

Read more — স্থানীয়
← Home