চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বহিস্কৃত দুই নেতা দলে ফিরলেন

লাইভ রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বহিস্কৃত দুই নেতা দলে ফিরলেন

চাঁপাইনবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কৃত বিএনপির দুই নেতা আনোয়ারুল ইসলাম ও বাবর আলী বিশ্বাসকে দলে ফিরিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়। সন্ধ্যায় আনোয়ারুল ইসলাম ও বাবর আলী বিশ্বাস চাঁপাই লাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও এ সংক্রান্ত বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি চাঁপাই লাইভ’র হাতে এসেছে।  

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় ২০২৪ সালের ২৬ এপ্রিল তাঁদের বহিস্কার করা হয়েছিল। বাবর আলী বিশ্বাস জেলা বিএনপির সাবেক সদস্য ও আনোয়ারুল ইসলাম ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। জেলার ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে তাঁরা দুজনের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। আনোয়ারুল ইসলাম নিজ দলের একাধিক ও তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বাবর আলী বিশ্বাস ও আনোয়ারুল ইসলামকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।

তবে এ ব্যাপারে কথা বলার জন্য মুঠোফোরে যোগাযোগের চেষ্টা করেও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়াকে পাওয়া যায়নি।

Read more — স্থানীয়
← Home