চাঁপাইনবাবগঞ্জে প্রার্থীদের স্ত্রীর নামে যত সম্পদ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৫ জানুয়ারি ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে প্রার্থীদের স্ত্রীর নামে যত সম্পদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া চাঁপাইনবাবগঞ্জের প্রার্থীরা তাদের স্ত্রীর সম্পদের বিবরণ দিয়েছেন হলফনামায়। এতে দেখা গেছে প্রার্থীদের স্ত্রীদের মধ্যে তিনজন রয়েছেন কোটিপতি।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপিপ্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞার স্ত্রী মো. নাদিরা বেগম অবসরপ্রাপ্ত শিক্ষিকা। সর্বশেষ অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরে দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী তাঁর নামে সম্পদ রয়েছে ১ কোটি ৯৩ লাখ ১৩ হাজার ৪৫৮ টাকার। তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৮০ হাজার ৯৬ টাকা।

একই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ড. কেরামত আলীর স্ত্রী মোসা. মোসলেমা খাতুন শিক্ষকতা করেন। সর্বশেষ দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী নাম সম্পদের পরিমাণ ১৩ লাখ ৯৪ হাজার ৭৮৮ টাকা। তাঁর বার্ষিক আয় ২ লাখ ৯৬ হাজার ২৬৮ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হুদা, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মো. আব্দুল হালিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলাম তাঁদের স্ত্রীর আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত কোন তথ্য উল্লেখ করেন নি।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপিপ্রার্থী আমিনুল ইসলামের স্ত্রী সাবিনা ইসলামের পেশা ব্যবসা। আয়কর রিটার্ন অনুযায়ী তাঁর বার্ষিক আয় ৪ লাখ ৮৮ হাজার ৮৬৮ টাকা। তার নামে সম্পদ রয়েছে ২ কোটি ১২ লাখ ৪৭ হাজার ৮৬৬ টাকার।

একই আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চুর স্ত্রী মোসা. তাসলিমা খাতুনের পেশা ব্যবসা। হলফনামায় তার ২০২৪-২৫ অর্থবছরের আয়কর রিটার্নের তথ্য উল্লেখ করা হয়েছে। সেখানে তাঁর নামের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৭ লাখ ৩৪ হাজার টাকার। তবে তাঁর বার্ষিক আয় ৪ লাখ ৬০ হাজার। যা খুরশিদ আলম বাচ্চুর চেয়েও বেশি। হলফনামায় খুরশিদ আলম তাঁর নিজের আয় দেখিয়েছেন ৪ লাখ ১ হাজার ৩৫০ টাকা। 

এ আসনের জামায়াতের প্রার্থী ড. মিজানুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থীর মো. সাদেকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী ইব্রাহিম খলিলের দাখিল করা হলফনামায় স্ত্রীর আয়কর রিটার্ন দাখিলের তথ্য নেই। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশীদের স্ত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া পেশায় আইনজীবী। তাঁর সম্পদের পরিমাণ ২ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার ১২৯ টাকার। তাঁর বার্ষিক আয় ৮ লাখ ৯৮ হাজার ৪৯৯ টাকা। 

একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুলের স্ত্রী কোহিনুর আখতার সীমা শিক্ষকতা করেন। তাঁর বার্ষিক আয় ৩ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা। তাঁর নামে সম্পদ আছে ১৭ লাখ ২৩ হাজার ৭৪২ টাকার। 

এ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর মো. শফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলামের স্ত্রীর আয়কর রিটার্ন দাখিলের তথ্য নেই।

Read more — স্থানীয়
← Home