নির্বাচনের বাজেট ঘোষণা, কোন খাতে কত ব্যয় জানাল ইসি

লাইভ রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ০৭:১২ অপরাহ্ণ
নির্বাচনের বাজেট ঘোষণা, কোন খাতে কত ব্যয় জানাল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বাজেট ধরা হয়েছে ৩ হাজার ১০০ কোটি টাকা। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, বাজেটের মধ্যে নির্বাচন পরিচালনা ব্যয় ১ হাজার ২০০ কোটি টাকা। আইনশৃঙ্খলায় ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। এছাড়া পোস্টাল ভোট, গণভোট ও অন্যান্য মিলিয়ে ৫০০ কোটি টাকা ব্যয় ধরে এগুচ্ছে কমিশন।

এ সময় ইসি সচিব ভোটকেন্দ্র, কক্ষ, ভোটগ্রহণ কর্মকর্তা ও ভোটারসংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। তালিকায় উল্লেখ করা হয়– এবার সারা দেশে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি এবং অস্থায়ী ভোটকেন্দ্র ১৩টি।

এছাড়া চূড়ান্ত ভোটকক্ষের মোট সংখ্যা দেখানো হয়েছে ২ লাখ ৩২ হাজার ৪১৩টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৯৫টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৩১৮টি বলে উল্লেখ করা হয়েছে।

ভোটগ্রহণ পরিচালনায় প্রিজাইডিং অফিসারের সংখ্যা ৪২ হাজার ৭৭৯ জন। সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৪৯৯ জন। এ ছাড়া পোলিং অফিসারের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। সব মিলিয়ে মোট ভোটগ্রহণকারী কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৫ হাজার ২৭৬ জন।

ভোটারসংক্রান্ত তথ্য অনুযায়ী, পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। সবমিলিয়ে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

Read more — জাতীয়
← Home