শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ণ
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। 

সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ্ মোহম্মদ হাসনাত, সিভিল সার্জন ডা. এএসএম শাহাব উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকরসহ অন্যরা। 

সভায় দিবস দুটি যথাযথভাবে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস জাতীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধে লাখো শহীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। দিবস দুটি পালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হবে। কর্মসূচিগুলো সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। 

 

Read more — স্থানীয়
← Home