চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা জাসদের উদ্যাগে শনিবার সকালে টাউন ক্লাব মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জাসদের পৌর কমিটির সভাপতি গোলাম মোস্তফা সবুর, আবু হেনা বাবলু প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক রবিউল ইসলাম ডলারসহ দলের স্থানীয় নেতাকর্মী। 

বক্তারা জাতীয় বীর হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানান। বক্তারা বলেন, জনগণের জানমাল, নিরাপত্তা নিশ্চিত, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থবিরোধী বিদেশিদের সঙ্গে করা সব চুক্তি বাতিল করতে হবে।

Read more — স্থানীয়
← Home