চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হঠাৎ কেন বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা ও ফ্লাডলাইট

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হঠাৎ কেন বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা ও ফ্লাডলাইট

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে সিসিটিভি ক্যামেরা ও ফ্লাডলাইট বসানোর উদ্যোগ নিয়েছে বিজিবি। খুব শিগগিরই সীমান্ত এলাকায় বসানো হবে ক্যামেরা ও ফ্লাডলাইট। 

সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বরত বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সীমান্ত এলাকা থেকে ককটেল ও মাদকসহ এক যুবককে আটকের ঘটনায় আয়োজন করা হয় ওই সংবাদ সম্মেলনের। তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর সীমান্তে বিজিবির তৎপরতার সম্পর্কে। এ সময় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এরইমধ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তজুড়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, বিজিবি ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা জেলার শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।  

Read more — স্থানীয়
← Home