চাঁপাইনবাবগঞ্জে এইচএসসির ফল প্রকাশের দিনেই বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে এইচএসসির ফল প্রকাশের দিনেই বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা

চাঁপাইনবাবগঞ্জের বেশকিছু এলাকায় শনিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নেসকো। ফলে এদিন প্রকাশিতব্য এইচএসসির ফলাফল অনলাইনে পেতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই বা নেসকো’র শিবগঞ্জের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নেসকো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ভবিষ্যতে উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

এদিকে শনিবার প্রকাশিত হবে এইচএসসির ফলাফল। পরীক্ষার্থীরা সাধারণত এখন অনলাইনেই ফলাফল দেখে থাকেন। বিদ্যুৎ বন্ধ থাকার কারণে ফলাফল পেতে ভোগান্তিতে পড়তে হবে পারে শিক্ষার্থীদের। বিদ্যুৎ না থাকলে যেমন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিঘ্নিত হয় তেমনি মোবাইল অপারেটরে ইন্টারনেটেও ধীরগতি লক্ষ্য করা যায়। পরীক্ষার ফলাফল প্রকাশের দিন বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্তে অনেক অভিভাবক ক্ষোভও প্রকাশ করেছেন। 

তবে এ ব্যাপারে কথা বলার জন্য বারবার ফোন দিয়েও নেসকো, শিবগঞ্জের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীকে পাওয়া যায়নি। 

Read more — স্থানীয়
← Home