নির্বাচনের দুদিন আগেও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলি জব্দ

লাইভ রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ
নির্বাচনের দুদিন আগেও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলি জব্দ

সংসদ নির্বাচনের দুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

পরে বেলা ১২ টায় বিজিবির ৫৩ ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। 

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫ টার দিকে বিজিবির একটি দল শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়ায় অভিযান চালায়। এ সময় দুটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন জব্দ করে। 

বিজিবি অধিনায়ক বলেন, সংসদ নির্বাচনকে ঘিরে সীমান্ত দিয়ে বেশ কিছুদিন ধরেই অস্ত্র আসছে। এরই ধারাবাহিকতায় আজকের অস্ত্রগুলো এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচনে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে বিজিবি সদস্যরা।

গত ৬ মাসে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে ১৪ টি আগ্নেয়াস্ত্র ও ৪৪ রাউন্ড গুলি ও সাড়ে ৯ কেজি বিস্ফোরক জব্দ করেছে বিজিবি।

Read more — স্থানীয়
← Home