চাঁপাইনবাবগঞ্জে খোলাবাজারে জ্বালানী তেল বিক্রেতাদের সতর্ক করল প্রশাসন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে খোলাবাজারে জ্বালানী তেল বিক্রেতাদের সতর্ক করল প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির বিষয়ে সতর্কতা জারি করেছেন রিটার্নিং কর্মকর্তা। মঙ্গলবার গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ সতর্কতা জারি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়- সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, অনুমোদিত ফিলিং স্টেশন ব্যতীত খোলা বাজারে অবৈধভাবে পেট্রোল, ডিজেল ও কেরোসিন তেল মজুদ ও বিক্রয়ের ঘটনা ঘটছে। এ ধরনের কর্মকান্ড জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশের জন্যও গুরুতর হুমকি স্বরূপ।

খোলা বাজারে অবৈধভাবে বিক্রিত জ্বালানি তেল অপরাধীচক্রের নিকট ব্যবহৃত হয়ে বিস্ফোরক দ্রব্য প্রস্তুতের ঝুঁকি বাড়ায়। বিধায় ভোটকেন্দ্র, জনসমাবেশ, যানবাহন ও সাধারণ জনগণের জীবন-সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী খোলা বাজারে অবৈধভাবে পেট্রোল, ডিজেল ও কেরোসিন তেল মজুদ ও বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায়, জননিরাপত্তা ও নির্বাচনি পরিবেশের সুরক্ষার স্বার্থে খোলা বাজারে জ্বালানি তেল মজুদ ও বিক্রয় থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read more — স্থানীয়
← Home