চাঁপাইনবাবগঞ্জে রমজানের আগেই বাড়ল ১৩ পণ্যের দাম

চেম্বার অব কমার্সের তথ্য

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে রমজানের আগেই বাড়ল ১৩ পণ্যের দাম

চাঁপাইনবাবগঞ্জে রমজান মাস শুরু আগেই ১৩ টি নিত্যপণ্যের দাম বেড়েছে। জেলার পাইকারী ও খুচরা বাজার থেকে তথ্য সংগ্রহের পর তা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

রোববার বিকালে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ।

তিনি বলেন, চালের দাম স্থিতিশীল থাকলেও ডাল, ভোজ্য তেল, পেঁয়াজসহ ১৩ টি নিত্যপণ্যের দাম বেড়েছে। ব্যবসায়ীরা ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে এসব পণ্যের দাম বাড়িয়েছেন।

আব্দুল ওয়াহেদ আরও বলেন, কিছু পণ্য রয়েছে যেগুলো স্থানীয় ব্যবসায়ীদের অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। বিশেষ করে ভোজ্যতেল নিয়ে চলছে অস্থিরতা। মিল থেকে ব্যবসায়ীদের প্রয়োজনীয় তেল দেয়া হচ্ছে না। এসব পণ্যের দাম নিয়ন্ত্রনে সরকারের হস্তক্ষেপ চান তিনি।

মতবিনিময় সভায় জানানো হয়, আসন্ন রমজান মাসের রোজা চলাকালীন প্রশাসনের পাশাপাশি চেম্বার অব কমার্সের একটি মনিটরিং টিম কাজ করবে। স্থানীয় ব্যবসায়ীরা যদি পণ্য মজুত করে দাম বাড়ানোর চেষ্টা করেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল বারেক, শহীদুল ইসলামসহ অন্যরা।

Read more — স্থানীয়
← Home