সালিশে দুই পক্ষের মারামারিতে একজন নিহত, আহত ৪

লাইভ রিপোর্ট, শিবগঞ্জ
৯ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ণ
সালিশে দুই পক্ষের মারামারিতে একজন নিহত, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সম্পর্কের ঘটনায় একটি সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের মারমারিতে আনিসুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও চারজন। রোববার রাত ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলার কোর্টবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগির গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে। 

ওসি ও স্থানীয়রা নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় এক নারীর (কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুন) পরকীয়ার সম্পর্ক ছিলো। বিষয়টি জানাজানি হলে উভয়ের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন। রোববার রাতেও সালিশে বসেছিলেন দুই পক্ষ। কিন্তু বিষয়টি নিস্পত্তি না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে আসা লোকজন বাড়ি ফিরছিলেন। এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এসময় আনিসুর রহমান ও তার লোকজনও প্রতিহত করার চেষ্টা করলে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে লাঠির আঘাতে মারা যান আনিসুর রহমান। 

ওসি হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ আনিসুর রহমানের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই ওই নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। 

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। 

Read more — স্থানীয়
← Home