বাবুডাইং আলোর পাঠশালায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
বাবুডাইং আলোর পাঠশালায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

বাবুডাইং আলোর পাঠশালায় বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে শোভাযাত্রা-আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের কুইজ ও রচনা প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মায়েদের নিয়ে বালিশ খেলার আয়োজন করা হয়। দুর্যোগের প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক সংস্থা ফুড ফর দি হাংরি (এফএইচ) সংস্থার চাঁপাইনবাবগঞ্জ এরিয়া কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল সাড়ে ১০টায় বাবুডাইং আলোর পাঠশালা সড়কে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাবুডাইং আলোর পাঠশালায় গিয়ে শেষ হয়।  পরে  আলোর পাঠশালার মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের ‘বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ’ শিরোনামে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে গ্রামবাসী নারীদের নিয়ে বালিশ খেলার আয়োজন করা হয়। এরপর আলোচনা সভা ও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন এফএইচ সংস্থার চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রিপন কিসকু, ডিজিটাল এন্ড টেকনোলজি সাপোর্ট কো-অর্ডিনেটর মুশফিকার আলী, ঝিলিম শাখার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আয়েশা খাতুন, সংস্থার বাবুডাইং গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রাজেন হাঁসদা, বাবুডাইং আলোর পাঠশালার সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, পাস্টর রাজেন সরেন, অভিভাবক কোকিলা হাঁসদা। শিক্ষার্থীদের মধ্যে ইসরাত খাতুন, সাকিবুল হাসান।

এসময় বক্তারা বলেন, নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। এসব দুর্যোগ সম্পর্কে আমাদের জানতে হবে। প্রতিকার ও প্রতিরোধের উপায় জানতে হবে। সে সম্পর্কে জ্ঞান শুধু থাকলেই হবে না। তা অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হবে। পরিবেশ রক্ষায় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য বেশি বেশ গাছ লাগাতে হবে।

শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ষষ্ঠ শ্রেণির উম্মে হাবিবা, অষ্টম শ্রেণির সিমা খাতুন, দশম শ্রেণির শুশিতা সরেন ও এসএসসি পরীক্ষার্থী সুরমিলা হাঁসদা। কুইজ প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে অভিভাবক সুরুজমনি টুডু, এসএসসি পরীক্ষার্থী ইসরাত খাতুন ও দশম শ্রেণির সাকিবুল হাসান। এছাড়া মায়েদের নিয়ে আয়োজিত বল পাশ খেলায় পুরস্কার পেয়েছে কোকিলা মার্ডি, অলকা টুডু ও দীপালি হাঁসদা।

Read more — স্থানীয়
← Home