রাজনীতি করতে গিয়ে গুম হয়েছি-কারাগারে গেছি, এরপরও কপালে জুটলো বহিস্কার

শিবগঞ্জে বিএনপি নেতা মুন্না

লাইভ রিপোর্ট, শিবগঞ্জ
১০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ণ
রাজনীতি করতে গিয়ে গুম হয়েছি-কারাগারে গেছি, এরপরও কপালে জুটলো বহিস্কার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগে ছাত্রদল থেকে বহিস্কার করা হয় মো. মুন্নাকে। যদিও মুন্না আগে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তিনি বিএনপি নেতা। 

মুন্না দাবি করেছেন- গত ১৭ বছরে তিনি মিথ্যা মামলার আসামি হয়ে কারাগারে গেছেন। বিএনপির সাংগঠনিক কার্যক্রম চালানোর কারণে তাকে গুম করা হয়। এরপরও দলের বিপক্ষে কাজ করার অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে। মুন্নার বহিস্কার আদেশ দেখে বিস্ময় প্রকাশ করেছে স্থানীয় বিএনপির নেতারাও। 

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির  স্থানীয়রা নেতারা। ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ এনে ৬ ফেব্রুয়ারি দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয় মুন্নাকে। কিন্তু মো. মুন্না এখন আর ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত নন, বরং তিনি শাহবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক। ছাত্রদলের কোন কমিটিতে না থাকা সত্ত্বেও তাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণেও কোন অভিযোগ বা প্রমাণ নেই তার বিরুদ্ধে। 

সংবাদ সম্মেলনে মো. মুন্না বলেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় বিগত ১৭ বছরে ১৭টি মামলার আসামি হয়েছি। ৬ বার কারাগারে যেতে হয়েছে। গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আর এতদিন পরে এসে আমাকে দল থেকে বহিস্কার করা হলো। তিনি আরও বলেন, আমার বাবাও বিএনপির রাজনীরি সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমি পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়। কাজেই বিএনপি ছেড়ে অন্য কোথাও যাওয়ার বা বিএনপির বিপক্ষে কাজ করার প্রশ্নই ওঠেনা।

ওয়ার্ড বিএনপির সভাপতি দুরুল হোদা বলেন, আমরা কখনোই মুন্নাকে দলের বিপক্ষে কাজ করতে দেখিনা। এরপরও কেন তাকে বহিস্কার করা হলো তা বোধগম্য নয়। যদিও তাকে ছাত্রদলের নেতা হিসেবে বহিস্কার করা হয়েছে। কিন্তু এখন তিনি বিএনপি নেতা। আমরা চাই বহিস্কার আদেশ প্রত্যাহার করা হোক। 

Read more — স্থানীয়
← Home