চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবি এমপি বুলবুলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বললেন ‘সাধ্যমত চেষ্টা করব’

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৭ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবি এমপি বুলবুলের

নিজ জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। সোমবার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রেহান আসিফ আসাদের কাছে এ দাবি জানান তিনি। রেহান আসিফ আসাদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ‘নবাব খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করতে চাঁপাইনবাবগঞ্জ আসেন তিনি। 

খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশের অনেক ছোট জেলাতেও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। তাই প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে আমি অনুরোধ জানাবো চাঁপাইনবাবগঞ্জে কৃষি অনুষদ অন্তর্ভূক্তসহ একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের। এতে জেলায় বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসার ঘটবে।

অনুষ্ঠানে সংসদ সদস্যের পরেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি সংসদ সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, মাননীয় সংসদ সদস্য যেগুলো বলেছেন যে ইউনিভার্সিটির কথা, আমি এইটুকু বলতে পারি- আমি আমার জায়গা থেকে সাধ্যমত চেষ্টা করবো। আমার বাবা ও চাচা এই এলাকার জন্য পূর্ববর্তীতে যা (উন্নয়ন) করে গেছেন, আমিও সাধ্যমত চেষ্টা করবো এ এলাকার উন্নয়ন করার।

Read more — স্থানীয়
← Home