উপজেলা-পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ণ
উপজেলা-পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

দেশের উপজেলা ও পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগ দেয়ার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের যেসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে সেগুলোতেও দ্রুত সময়ের মধ্যে নির্বাচনে দিতে সরকার কাজ করছে জানান তিনি। বুধবার চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন একটি সেতু পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত উপজেলা ও পৌরসভাতে প্রশাসক নিয়োগ দেয়ার কোনো সিদ্ধান্ত নাই সরকারের। সরকার এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রশাসক যেগুলোতে (সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ) দিয়েছি এবং যেগুলোতে ইউএনও এবং এসিল্যান্ডরা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেগুলোতে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেবো। সেই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই এই প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিত্ব করবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩ টি অধ্যাদেশ সংসদে উত্থাপন হয়েছে। সেগুলো আইন আকারে পাশ করার জন্য বিশেষ কমিটি কাজ করছে। এই অধ্যাদেশগুলোর মধ্যে সিটি কর্পোরেশন অধ্যাদেশ, উপজেলা পরিষদ অধ্যাদেশ, ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ, পৌরসভা অধ্যাদেশ, জেলা পরিষদ অধ্যাদেশও রয়েছে। সংসদ সদস্যরা এই অধ্যাদেশগুলো যদি আইন আকারে পাশ করে এবং আইনটা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পাশ হয়ে আমাদের মন্ত্রণালয় যাবে। এর সঙ্গে সঙ্গে আমরা নির্বাচনের ব্যাপারে পদক্ষেপ নেব।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুরে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেখানে একটি আলোচনা সভায় বক্তব্যও রাখেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীসহ অন্যরা।

Read more — স্থানীয়
← Home