বিয়েতে গান বাজানোয় কনের পিতা ও আত্মীয়স্বজনকে মারধরের অভিযোগ

লাইভ রিপোর্ট, গোমস্তাপুর
২৭ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
বিয়েতে গান বাজানোয় কনের পিতা ও আত্মীয়স্বজনকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে বিয়ে বাড়িতে গান বাজানোর জন্য কনের পিতা ও আত্মীয়স্বজনকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুরে বাইতুসসালাম জামে মসজিদে জুমার নামাজ শেষে অন্তত ৫ জনকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

রাতে মারধরের শিকার কানের পিতা আবুল কালাম আজাদ সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

তিনি বলেন, মকরমপুরে তার শ্বশুর আশিকুল ইসলামের বাড়িতে গত ২৩ মার্চ মেয়ের বিয়ের আয়োজন ছিলো। ওই অনুষ্ঠানে সাউন্ডবক্সে গান বাজানো হয়। এ সময় গ্রামের মোড়ল শরিফুল ইসলামের নির্দেশে বিয়ে বাড়িতে এসে হুমকি-ধামকি দিয়ে যায় কিছু লোকজন।

ঘটনার পর আবুল কালাম আজাদ তাদের কাছে ভুল স্বীকার করে মাফ চেয়ে নেন। এরপরও শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ভেতরেই আবুল কালাম আজাদ ও তার চাচাতো ও ফুফাতোসহ কমপক্ষে ৫ জনকে মারধর করা হয়।

মকরমপুর গ্রামের মোড়ল শরিফুল ইসলাম বলেন, তাদের মারধর করা হয়নি। গান বাজানোর জন্য কৈফিয়ত চাওয়া হয়েছে। এ নিয়ে বাকবিতন্ডা হয়েছে। তিনি বলেন, প্রায় দেড় বছর ধরে গ্রামে উচ্চশব্দে গান বাজানো নিষেধ রয়েছে।

এ ব্যাপারে গোমস্তাপুর থানার মো. আব্দুল বারিক বলেন, এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Read more — স্থানীয়
← Home