সরকারি হাসপাতালের সামনেই বেসরকারি হাসপাতাল-ক্লিনিক নিয়ে ক্ষোভ হারুনের

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৫ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
সরকারি হাসপাতালের সামনেই বেসরকারি হাসপাতাল-ক্লিনিক নিয়ে ক্ষোভ হারুনের

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা এসব হাসপাতাল-ক্লিনিকের কারণে সরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবার মান নষ্ট হচ্ছে বলেও মনে করেন তিনি। 

শনিবার  চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে হাম পরিস্থিতি ও চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণে গিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমানের কাছে এসব ক্ষোভের কথা জানান হারুনুর রশীদ। 

তিনি বলেন, হাসপাতালের গেটের সামনে ক্লিনিক করার কোন এখতিয়ার নাই। এটা সম্পূর্ণ বেআইনি। সম্পূর্ণ আইন বহির্ভূত। বেসরকারি হাসপাতাল তৈরির যে নীতিমালা রয়েছে তার পরিপন্থী। তিনি হাসপাতালের তত্ত্বাবধায়কের উদ্দেশ্যে বলেন, আপনি বিষয়টি মন্ত্রণালয়ে অবহিত করবেন। হাসপাতালের ১০০ গজের মধ্যে এই সমস্ত ক্লিনিক গড়ে তোলার জন্য সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান নষ্ট হচ্ছে।

হারুনুর রশীদ আরও বলেন, সবচাইতে দুঃখজনক হলো যে সরকারি হাসপাতালের চিকিৎসকরা শিডিউল টাইমে হাসপাতালে থাকেন না। বাংলাদেশে এমন কোন সরকারি ডিপার্টমেন্ট নাই, যেটা পুলিশ বলেন, প্রশাসন বলেন, ইঞ্জিনিয়ার বলেন যে তারা রাত দশটা, এগারটা বা বারোটা পর্যন্ত কাজ করেন না। কিন্তু হাসপাতালে আটটা থেকে দুইটা পর্যন্ত ঠিকমতো ডাক্তারদের পায় না রোগীরা। 

হারুনুর রশীদ হাসপাতালের হাম আইসোলেশন কর্ণার ঘুরে দেখেন এবং সেখানে অবস্থানরত শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। হামের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। 

Read more — স্থানীয়
← Home