চাঁপাইনবাবগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ হাজার ডোজ বেশি হামের টিকা মজুত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৫ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ হাজার ডোজ বেশি হামের টিকা মজুত

চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলায় একযোগে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। সকাল ৯ টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, হামের সংক্রমন ছড়িয়ে পড়ার হার বিবেচনা করে জেলা তিনটি উপজেলায় টিকা কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায়  মোট ১ লাখ ৬৭ হাজার ২৮৬ জন শিশুকে টিকা দেয়া হবে। প্রথম দিনে জেলা হাসপাতাল টিকা কেন্দ্রসহ তিন উপজেলার ৩৬ টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। উদ্বোধনের পর থেকে অভিভাবকরা লাইনে দাঁড়িয়ে শিশুদের টিকা দিচ্ছেন। 

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন একেএম শাহাব উদ্দীন বলেন, আগামী তিন সপ্তাহ পর্যায়ক্রমে জেলার সব ইউনিয়নে শিশুদের টিকা দেয়া হবে। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪৫ হাজার বেশি ডোজ টিকা অতিরিক্ত মজুত রয়েছে। কাজেই টিকা সংকটের কোন আশঙ্কা নেই। যেহেতু চাঁপাইনবাবগঞ্জে তুলনামূলক বেশি সন্দেহজনক হাম রোগী পাওয়া যাচ্ছে, কাজেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে টিকা কার্যক্রম শেষ করা হবে।এ জন্য স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, হাম উপসর্গ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীদের অন্যতম সংখ্যক ভর্তি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। পরিস্থিতি মোকাবেলায় এরইমধ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন করেছেন এবং যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

Read more — স্বাস্থ্য
← Home