হামের টিকা নিল বাবুডাইংয়ের ১৭৫ শিশু

প্রত্যন্ত গ্রামেও সচেতনতা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৯ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
হামের টিকা নিল বাবুডাইংয়ের ১৭৫ শিশু

হামের প্রকোপ বেড়েছে দেশজুড়েই। সবচেয়ে সংক্রমন বেশি যে সব এলাকায়, তারমধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অন্যতম। তাই সংক্রমন এড়াতে দুই জেলার সীমানায় অবস্থিত বাবুডাইং গ্রামের শিশুরা নিয়েছে হামের টিকা। বৃহস্পতিবার বাবুডাইং আলোর পাঠশালার শিশু শিক্ষার্থী ও আশেপাশের ১৭৫ জন শিশু হামের টিকা গ্রাহন করে। 

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলে। টিকা দেন গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিদর্শক আব্দুল হায়েক। তাঁকে সহযোগিতা করেন উপজেলার মোহনপুর ইউনিয়নের সিধনা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো: বুলবুল। 

এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন- বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুর্মু, সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ, সোনিয়া খাতুন, বিমল হাঁসদাক, নয়ন আহমেদ, নীলমুনি কিসকুসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। 

আব্দুল হায়েক বলেন, দেশব্যাপী হাম রোগের প্রকোপ দেখা যাচ্ছে। এ রোগে আক্রান্ত শিশু মারা যাচ্ছে বা হাসপাতালে ভর্তি হচ্ছে রোগী। সরকারি উদ্যোগে গত ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকাদান কর্মসূচি। এরমধ্যে রয়েছে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলাও। এ স্কুলে এসব এলাকার শিশুরা পড়াশোনা করে। উপজেলা সদর থেকে অনেক দূরবর্তী হওয়ার কারণে এখানে এসে সরকার টিকা দিচ্ছে। এতে মানুষজন উপকার পাচ্ছে। মায়েরা স্বাচ্ছন্দেই শিশুদের টিকা দিতে নিয়ে এসেছেন। যেকোন সরকারি টিকা নির্ভয়ে নিতে এ বিদ্যালয়ের শিক্ষকগণ সকলের মাঝে সচেতনতামূলক কাজ করে থাকেন। এটি খুবই আশাব্যঞ্জক। শিশুদের উপস্থিতিসহ সার্বিক সহযোগিতার জন্য বাবুডাইং আলোর পাঠশালাকে ধন্যবাদ। 

Read more — স্থানীয়
← Home