চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত গ্যাস লাইন সম্প্রসারণের দাবি প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার কাছে

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত গ্যাস লাইন সম্প্রসারণের দাবি প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার কাছে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ (সর্বডানে)

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার কাছে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত গ্যাসের লাইন সম্প্রসারণের দাবি জানিয়েছেন জেলার জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। শুক্রবার রাজশাহীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও রেহান আসিফ আসাদের কাছে এ দাবি জানানো হয়। 

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘গ্যাসের অভাবে চাঁপাইনবাবগঞ্জে সম্ভাবনাময় শিল্পখাতগুলো স্থবির হয়ে আছে। নতুন বিনিয়োগ আসছে না। এমনকি জেলায় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তাই সব কিছুর আগে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত গ্যাস লাইন সম্প্রসারণ ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে হবে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদও শিল্প উন্নয়নের জন্য বিদ্যুৎ-জ্বালানীর পর্যাপ্ততা নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, শিল্পায়নের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ বা জ্বালানীর নিশ্চিত করতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এছাড়াও কৃষি উদ্যোক্তাদের জন্য ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘বিএনপির নির্বাচনি ইশতেহারে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ধারণাকে বাস্তবে রূপ দিতে কাজ চলছে। রাজশাহী অঞ্চলের কৃষির বিপুল সম্ভাবনা রয়েছে। এখানকার চাহিদা পূরণ করে উদ্বৃত্ত পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারলে এ অঞ্চল দ্রুত এগিয়ে যাবে এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।’

বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ বলেন, ‘প্রত্যেক অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েই সুষম উন্নয়ন সম্ভব। উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং পিছিয়ে পড়া এই অঞ্চলকে উন্নয়নের মূলধারায় আনতে সরকার কাজ করে যাচ্ছে।’

Read more — স্থানীয়
← Home