চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহে হামের টিকা নিয়েছে ৭০ হাজার ৬০০ শিশু

উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৫

আবু সাইদ, চাঁপাইনবাবগঞ্জ
১২ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহে হামের টিকা নিয়েছে ৭০ হাজার ৬০০ শিশু

চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহে ৭০ হাজার ৬০০ শিশুর হামের টিকা নিয়েছে। জেলার তিনটি উপজেলার বিশেষ টিকাদান কর্মসূচিতে টিকা গ্রহণ করে এসব শিশুরা। এদিকে জেলায় একদিনে আরও ১৫ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়েছে, হামের প্রকোপ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বিশেষ টিকা কার্যক্রম শুরু হয়। এরপর থেকে শনিবার পর্যন্ত টিকা নেয় ৭০ হাজার ৬০০ শিশু। রোববারও তিন উপজেলার ৮০ টি কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে। অভিভাবকরা স্বতস্ফুর্ত হয়ে হামের টিকা নিচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ।

এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১৫ শিশু ভর্তি হয়েছে। নতুন রোগী মিলিয়ে রোববার জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ৫৫ শিশু। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়ে ৫৭৭ শিশু।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন একেএম শাহাব উদ্দীন বলেন, বিশেষ টিকা কার্যক্রমে আশানুরূপ সাড়া মিলেছে। আশা করি আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে নির্ধারিত সময়ের আগেই। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে টিকা দেয়া হবে ১ লাখ ৬৭ হাজার ২৮৭ শিশুকে।

Read more — স্থানীয়
← Home