চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় কিশোর নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় কিশোর নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে ট্রাক চাপায় আবির রহমান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার আরেক বন্ধু। সোমবার রাত পৌনে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবির (১৪) রাজশাহীর কাটাখালি পৌর এলাকার শ্যামপুরের মো. সুজনের ছেলে। তার পরিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগের একটি বাড়িতে ভাড়া থাকেন। 

ওসি বলেন, নিহত আবির তার বন্ধু আবু তালহাকে নিয়ে হরিপুর বাজারে গিয়েছিলেন। সেখান থেকে বাই-সাইকেলযোগে ফেরার পথে হরিপুর-চুরকি মার্কেটের সামনে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আবির। স্থানীয়রা আবু তালহাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। 

দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক। তবে সিসি ক্যামেরা দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে ওসি। 

এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Read more — স্থানীয়
← Home