৮ জেলায় মেডিকেল কলেজের সম্ভাব্যতা যাচাই চলছে, নেই চাঁপাইনবাবগঞ্জ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২২ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ণ
৮ জেলায় মেডিকেল কলেজের সম্ভাব্যতা যাচাই চলছে, নেই চাঁপাইনবাবগঞ্জ

দেশের আটটি জেলায় নতুন করে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাই চলছে। বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে সম্ভাব্যতা যাচাই হচ্ছে এমন জেলার তালিকায় নাম নেই চাঁপাইনবাবগঞ্জের। সরকারি সংবাদ সংস্থান বাসস এ তথ্য জানিয়েছে।

বাসস’র ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমান (কক্সবাজার-৩)-এর টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ৮ জেলায় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে বলে জানান। তিনি বলেন, এখনও ৩০টি জেলায় কোনো সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হয়নি। এসব জেলা হলো- নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, মৌলভীবাজার, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও শেরপুর।

তবে মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর, নরসিংদী, ভোলা, শেরপুর ও লক্ষ্মীপুর এই আট জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য বর্তমানে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে উল্লিখিত ৩৪ জেলায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। জেলাগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, কুমিল্লা, খুলনা, বগুড়া, ফরিদপুর, দিনাজপুর, পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, গোপালগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, হবিগঞ্জ, নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা, চাঁদপুর ও সুনামগঞ্জ।

Read more — স্থানীয়
← Home