চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ বন্ধ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ বন্ধ

মান নিয়ে নিয়ে প্রশ্ন ওঠার পর প্রশাসনের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ রাখা হয়েছে ‘স্কুল ফিডিং প্রকল্পের’ খাবার সরবরাহ। ফলে বৃহস্পতিবার উপজেলার ২১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হয়নি খাবার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন ও খাবার সরবরাহকারী বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম’র (গাক) স্টোর কিপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার স্কুল ফিডিং প্রকল্পের আওতায় দেয়া খাবার খেয়ে একটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ্যবোধ করেন। এরপর নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে গাক-কে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি-১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং প্রকল্পের’ খাবার কয়েক শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েন। ওই রাতেই ভ্রাম্যমাণ আদালত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে গাক’র কার্যালয়ে অভিযান চালায়। সেখানে সেখানে নিম্নমানের পাউরুটি রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাউরুটির গুনগতমান নিশ্চিত করে বিদ্যালয়গুলোতে সরবরাহের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি সেখানে সংরক্ষিত পাউরুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

গাক’র স্টোর কিপার মিজানুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশের কারণে বৃহস্পতিবার উপজেলার কোন বিদ্যালয়ে খাবার সরবরাহ করা হয়নি। বিষয়টি নিয়ে গাক’র উর্ধতন কর্মকর্তার চাঁপাইনবাবগঞ্জ এসেছেন। তাঁরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুজ্জামান বলেন, যেহেতু উপজেলা প্রশাসন মান নিয়ন্ত্রনের পর খাবার সরবরাহ করার নির্দেশ দিয়েছে সেহেতু সেই নির্দেশনা সরবরাহকারী প্রতিষ্ঠানকে মানতে হবে। বিকল্প কোন উপায়ে বিদ্যালয়গুলোতে খাবার সরবরাহের সুযোগ নেই। তবে আমরা আশা করছি খুব শিগগিরই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

Read more — স্থানীয়
← Home