যে সমঝোতা হলো দুই শ্রমিক সংগঠনের মধ্যে

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
যে সমঝোতা হলো দুই শ্রমিক সংগঠনের মধ্যে
এআই তৈরি ছবি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ফলে শনিবার সকাল থেকেই ঢাকাসহ আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে বাস চলছে স্বাভাবিকভাবে। এর আগে শুক্রবার সকালে ‘জেলা মোটরশ্রমিক ইউনিয়ন’ নামে আরেকটি শ্রমিক সংগঠনের চাঁদা আদায়ের প্রতিবাদে কর্মবিরতি শুরু করে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মোটরশ্রমিক ইউনিয়ন সমর্থিত শ্রমিকরা।

সংশ্লিষ্টরা বলছেন- উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার রাতে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে বৈঠকে বসেন সংগঠন দুটির নেতৃবৃন্দ। সেখানে আলোচনা ফলপ্রসু হওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয়। বৈঠকে কী শর্তে দুই সংগঠনের সমঝোতা হয়েছে তা জানার চেষ্টা করেছে চাঁপাই লাইভ।

বৈঠকে উপস্থিত জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বলেন, আমাদের দাবিটা স্পষ্টই। আমরা বলেছি- বাস, মিনিবাস ও কোচের শ্রমিকদের নিয়ে গঠিত এবং নিবন্ধিত ‘জেলা মোটরশ্রমিক ইউনিয়ন’। ফলে শ্রমিকদের কল্যাণে খরচের জন্য ওই তিনটি যানবাহন থেকে নির্ধারিত হারে চাঁদা আদায় আমরা করতে পারি। আমরা সেটাই করছিলাম। কিন্তু ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মোটরশ্রমিক ইউনিয়ন আমাদের চাঁদা আদায়েল বাধা দেয়। অথচ তাদের ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান থেকে চাঁদা আদায়ের কথা থাকলেও তারা সব ধরণের বাস থেকে চাঁদা নিচ্ছিলেন। এ নিয়ে বিপত্তি তৈরি হয়।

তিনি আরও বলেন, রাতে দুই সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে আপাতত দুই সংগঠনের দু’জন করে চারজন প্রতিনিধির তত্ত্বাবধানে চাঁদা আদায় করা হবে। আলাদা করে কেউ চাঁদা নেবে না। আমরা ওই শর্ত মেনে নিয়েছি।

একই কথা বলেন, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানও। তিনি বলেন, জেলা মোটরশ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে সড়কে বাস থামিয়ে যে চাঁদা আদায় করছিল সেটি বন্ধ করতে সম্মত হয়েছে। আপাতত দুই সংগঠন মিলে চাঁদা তোলা হবে। পরবর্তীতে আবারও আলোচনায় বসে ঠিক করা হবে দুই সংগঠনের কার্যপরিধি।

Read more — স্থানীয়
← Home