এবার শিবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে অসুস্থ শিক্ষার্থীরা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
এবার শিবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে অসুস্থ শিক্ষার্থীরা

এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং প্রকল্পের’ খাবার খেয়ে অসুস্থ হয়েছে পাঁচ শিক্ষার্থী। এছাড়া অসুস্থ না হলেও খাবার খেয়ে অস্বস্তিবোধ করেছে আরও ২৫ শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেফতাহুদ্দৌলা এ তথ্য জানিয়েছেন।

এদিকে সরবরাহকৃত খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ সংক্রান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত বিদ্যালয়গুলোতে খাবার সরবরাহ বন্ধ রাখতে বলা হয়েছে।

চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেফতাহুদ্দৌলা বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে শিক্ষার্থীরা সেদ্ধ ডিম ও পাউরুটি খায়। এর কিছুক্ষণ পরেই অসুস্থ হয় পাঁচ শিক্ষার্থী। এছাড়াও আরও ২৫ শিক্ষার্থী খাবার খেয়ে পেটে সামান্য ব্যথা অনুভব ও অস্বস্তিবোধ করার কথা জানিয়েছে। ঘটনার পর শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। তারা সবাই এখন সুস্থ আছে।

শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান বলেন, অসুস্থ শিক্ষার্থীদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে এবং তাদের অভিভাবকের সঙ্গে কথা বলেছি। সবাই এখন সুস্থ আছে। তিনি বলেন, প্রকল্পের অধীনে শিবগঞ্জ উপজেলার ২৪০ টি বিদ্যালয়ে খাবার সরবরাহ করে বেসরকারি সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, গাক’র সরবরাহ করা খাবার পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত তাদের খাবার সরবরাহ বন্ধ রাখতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শঙ্করবাটি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাক’র সরবরাহ খাবার খেয়েও শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত গাককে ৪০ হাজার জরিমানা করেন। একই সঙ্গে সদর উপজেলার সব বিদ্যালয়ে খাবার সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

Read more — স্থানীয়
← Home