বজ্রপাতে ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় চাঁপাইনবাবগঞ্জ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ণ
বজ্রপাতে ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় চাঁপাইনবাবগঞ্জ

সারাদেশের মধ্যে যেসব জেলা বজ্রপাতের জন্য ঝুঁকিপূর্ণ, তারমধ্যে চাঁপাইনবাবগঞ্জ অন্যতম। সোমবার আবহাওয়া অফিসের বরাত দিয়ে দেশের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। গত দুইদিনে দেশজুড়ে বজ্রপাতে ২৩ জনের মৃত্যু হয়।এমন উদ্বেগজনক সময়ে প্রকাশিত হয় সংবাদটি।

যদিও এ বছর এখন পর্যন্ত বজ্রপাতে জেলায় কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে- গত বছরে জেলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এরমধ্যে একদিনেই সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়। এছাড়াও ২০২১ সালে পদ্মা নদীতে বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাত হলে ১৭ জন মারা যান। এক বজ্রপাতে এটিই জেলায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হয়।  

সোমবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে- সিলেটের সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি বজ্রপাত হয়। এর বাইরে নেত্রকোনা, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, মেহেরপুর, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বান্দরবান, রাঙামাটি, বরিশালের খেপুপাড়াসহ আরো কিছু এলাকায় তুলনামূলক বেশি বজ্রপাত হয়।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি অঞ্চল এবং হিমালয়ের পাদদেশ ঘিরে যে আবহাওয়াগত ব্যবস্থা তৈরি হয়, তার প্রভাবও বাংলাদেশে পড়ে। এসব অঞ্চল থেকে তৈরি হওয়া বজ্রমেঘ পশ্চিমবঙ্গ হয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, যশোরসহ বিভিন্ন জেলায় প্রবেশ করে এবং স্থানীয় জলীয় বাষ্পের সঙ্গে মিশে আরো শক্তিশালী হয়ে ওঠে।

সব মিলিয়ে এসব এলাকায় বজ্রপাতের প্রবণতা বেশি দেখা যায়।

Read more — স্থানীয়
← Home