শিবগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ণ
শিবগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সুমাইয়া আক্তার জামিলা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহত সুমাইয়ার মায়ের দাবি- যৌতুক না পেয়ে তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সুমাইয়া পিরোজপুর গ্রামের রিপন আলী রিমনের স্ত্রী।

পুলিশ জানায়, সকালে পরিবারের সদস্যদের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। ওই সময় মরদেহটি রিপন আলীর বাড়ির আঙিনায় দড়ির খাটলার উপর ছিলো। কিছুক্ষণ আগেই পরিবারের সদস্যরা রিপন-সুমাইয়া দম্পত্তির ঘর থেকে মরদেহটি বের করে আনে।

সুমাইয়ার মা রুনা বেগম তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, সুমাইয়া তার আগের স্বামীকে তালাক দিয়ে গত বছরের ৩০ অক্টোবর বিয়ে করেন প্রেমিক রিপন আলীকে। এর কিছুদিন পর থেকে রিপন ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে সুমাইয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। তার বিভিন্ন সময়ে মেয়ের মাধ্যমে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু ওই পরিমাণ টাকা দেয়ার সক্ষমতা আমাদের ছিলোনা।

রুনা বেগম আরও বলেন, সোমবার রাতেই আমার বাড়ি থেকে সুমাইয়াকে নিজের বাড়ি নিয়ে যায় রিপন। যখন তারা যায় তখন আমার মেয়ে একেবারে সুস্থ্য ও স্বাভাবিক ছিলো। কিন্তু মঙ্গলবার ভোরে জামাই আমার বাড়িতে এসে বলে সুমাইয়া অসুস্থ্য। তার সঙ্গে গিয়ে দেখি নিজের ঘরের বিছার নিথর মরদেহ পড়ে আছে। তিনি বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সুমাইয়ার মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন শিবগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মরদেহের গলা ও বাম চোয়ালের নিচে আঘাতের চিহ্ন ছিলো।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি অন্য কোন ঘটনা।

এ ঘটনায় সুমাইয়ার মা বাদী হয়ে রিপন আলীসহ ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন।

Read more — স্থানীয়
← Home