অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

লাইভ ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ণ
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জ, সিলেট ও নেত্রকোনা জেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের আগামী তিন মাস খাদ্যশস্য সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার সংসদ অধিবেশনে এ ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, বাড়তি টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ড সুবিধা দেবে না সরকার। ধাপে ধাপে এটি বাস্তবায়ন করায় মূল্যস্ফীতির শঙ্কাও নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ কার্যদিবস বৃহস্পতিবার। এর আগের দিন সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অতিবৃষ্টি ও ফসলের ক্ষতি নিয়ে সুনামগঞ্জের সংসদ সদস্য কলিমউদ্দিন মিলনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার।

তারেক রহমান বলেন, ‘এই তিন জেলাসহ ময়মনসিংহের কিছু অঞ্চল এ সমস্যায় পড়েছে। এখানে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাঁদের ফসল নষ্ট হয়েছে, তাঁদের চিহ্নিত করে আগামী তিন মাস আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার।’

অপর এক প্রশ্নের জবাবে সরকারপ্রধান জানান, ইতোমধ্যে ৩৮ হাজারের বেশি নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে সম্পূরক প্রশ্ন করেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে ব্যয় হবে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা। সে ক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়বে কি না, জানতে চান তিনি।

জবাবে প্রধানমন্ত্রী জানান, বাড়তি টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ড সুবিধা দেওয়া হবে না। সরকার ধাপে ধাপে ৪ কোটি নারীকে ফ্যামিলি কার্ড দেবে, তাই বাজেটে চাপ পড়বে না এবং মূল্যস্ফীতির শঙ্কাও নেই।

তারেক রহমান বলেন, ‘আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না। আমরা মনে করি এতে মূল্যস্ফীতি কমে আসবে। এই টাকা যখন তাঁর কাছে যাচ্ছে এবং তিনি খরচ করছেন, এটা কিন্তু গ্রামীণ অর্থনীতিতে ব্যবহার হচ্ছে। তিনি হয়তো মুরগি কিনছেন, হয়তো থালাবাসন কিনছেন বা হয়তো গামছা কিনছেন, সবগুলো লোকালি প্রডিউস হচ্ছে। এই টাকাটা আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলোতে যাবে।’

মাতুয়াইল ল্যান্ডফিল বিষয়ে প্রধানমন্ত্রী জানান, সেখানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়া ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণসহ রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করারও উদ্যোগ নেওয়া হয়েছে।

Read more — জাতীয়
← Home