সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা চান এমপি বুলবুল

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা চান এমপি বুলবুল

জেলার দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এ সময় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থারও দাবি জানান তিনি। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ প্রতিক্রিয়া জানিয়েছেন নূরুল ইসলাম বুলবুল। 

এর আগে রাত সোয়া ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে হামলার শিকার হন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। 

নূরুল ইসলাম বুলবুল তার ফেসবুক পোস্টে লেখেন- ‘চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ান ও আমারদেশ পত্রিকার সাংবাদিক তারেক রহমান এবং মাই টিভির সাংবাদিক তারেক আজিজ সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

হামলার শিকার সাংবাদিকদের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও হত্যা-ডাকাতিসহ ৯ মামলার আসামি রাব্বির নেতৃত্বে হামলা চালানো হয় তাদের উপর। পরে স্থানীয়রা তাদের উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। 

সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, ওই ঘটনায় সাংবাদিক তারেক রহমান বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

Read more — স্থানীয়
← Home