পেট্রলপাম্পের সেই ভুয়া ‘অ্যাডিশনাল এসপি’ অবশেষে গ্রেপ্তার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ণ
পেট্রলপাম্পের সেই ভুয়া ‘অ্যাডিশনাল এসপি’ অবশেষে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পেট্রলপাম্পে অতিরিক্ত পুলিশ সুপারের ভুয়া পরিচয়ে প্রভাব খাটিয়ে জ্বালানী তেল সংগ্রহের চেষ্টার অভিযোগে মো. অলিউল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. অলিউল্লাহ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ওপরটোলা গ্রামের মো. ইসারুলের ছেলে।

ওসি বলেন, গত বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকায় অবস্থিত রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে অতিরিক্ত পুলিশ সুপারের ভুয়া পরিচয় দিয়ে জ্বালানী তেল সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় তিনি পেট্রলপাম্পের কর্মীদের ভয়-ভীতিও দেখান। ঘটনার সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর পুলিশ নিশ্চিত হয় ভুয়া পরিচয় দিয়ে তিনি জ্বালানী তেল সংগ্রহের চেষ্টা করছিলেন।

তথ্য-প্রযুক্তির সহায়তায় অলিউল্লাহ’র অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read more — স্থানীয়
← Home