‘হত্যার শিকার’ আয়েশাকে ৭ বছর পর জীবিত ধরল পুলিশ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৪ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ণ
‘হত্যার শিকার’ আয়েশাকে ৭ বছর পর জীবিত ধরল পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আয়েশা খাতুন নামে ২৪ বছরের এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ, যাকে প্রায় ৭ বছর আগে অপহরণের পর হত্যা করা হয় বলে দাবি করে আসছিলো তার পরিবার। রোববার রাতে ভোলাহাট উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করা হয়। ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক এ তথ্য জানিয়েছেন।

আয়েশা খাতুন একই উপজেলার খালে আলমপুরের আবুল হোসেনের মেয়ে।

ওসি আব্দুল বারিক বলেন, ২০১৯ সালের ৩১ মে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় আয়েশা খাতুন। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে আদালতে অপহরণের পর হত্যা মামলা দায়ের করেন তার মা আদুরী বেগম। কিন্তু পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্ত করে সত্যতা না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে আদালতে। পরবর্তীতে আবারও তার মা বাদী হয়ে ২০২৪ সালে চারজনকে আসামি করে অপহরণের পর হত্যার অভিযোগ এনে মামলা করে। মামলাটি বর্তমানে ভোলাহাট থানায় তদন্তাধীন রয়েছে। 

ওসি বলেন, এরইমধ্যে আয়েশার জীবিত থাকার তথ্য পায় পুলিশ এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে তাকে অনুসরণ করতে থাকে। রোববার বিকালে সে রাজশাহী থেকে ভোলাহাট আসার জন্য বিআরটিসি বাসে ওঠে। নিশ্চিত খবর পেয়ে আগে থেকে বাসস্ট্যান্ড অবস্থান নেয় পুলিশের একটি দল। পরে বাসটি পৌঁছালে আয়েশাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। 

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাসে আয়েশা একেক সময় একেক রকম তথ্য দিয়েছে। কখনো সে বলেছে এতদিন কুষ্টিয়ায় ছিলো, আবার কখনো বলছে ঢাকার মিরপুরে ছিলো।

সোমবার দুপুরে আয়েশাকে পুলিশ আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট ১৬৪ ধারায় তার জবানবন্দী রেকর্ড করেন। পরে তাকে তার মা-বাবার জিম্মায় দেয়া হয়।

Read more — স্থানীয়
← Home