গোমস্তাপুরে বিএনপি নেতা রায়হান গ্রেপ্তার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৯ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
গোমস্তাপুরে বিএনপি নেতা রায়হান গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মগোপনে থাকা অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম এ সব তথ্য জানিয়েছেন।

রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তার বাবা আশরাফ হোসেন গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে আত্মগোপনে ছিলেন।

পুলিশের অভিযোগ- গত ২৬ এপ্রিল গোমস্তাপুরের খয়রাবাদ এলাকায় নিজেদের পেট্রল পাম্পে শওকত হোসেন নামে এক কনস্টেবলকে মারধর করেন রায়হান। ওই কনস্টেবল নাচোল থানায় কর্মরত। ওইদিন শওকত একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে যান রায়হান ফিলিং স্টেশনে। এ সময় রায়হান তাকে চলে যেতে বলেন। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে রায়হান ওই পুলিশ সদস্যকে মারধর করেন। পরে ওই পুলিশ সদস্য বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন।

Read more — স্থানীয়
← Home