চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার চলবে না ‌‌‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১১ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার চলবে না ‌‌‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে আম পরিবহনের জন্য এবছর চলবে না ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন। লোকসান এড়াতে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন এ সিদ্ধান্ত নিয়েছে। 

সোমবার বিকালে এ তথ্য জানিয়েছেন রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের উপ-প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আল মামুন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ‘আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

আল মামুন বলেন, ম্যাংগো স্পেশাল ট্রেন চালাতে গিয়ে কয়েকবছর লোকসান হয়েছে। তাই এবার ম্যাংগো স্পেশাল ট্রেন চালানো হবে না। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচল করা আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেসে বিশেষ একটি লাগেজ ভ্যান সংযুক্ত করে আম পরিবহন করা হবে। ওই ট্রেনে প্রতিদিন ৫৪ মেট্রিক টন আম পরিবহন করা যাবে।  

সভায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক বলেন, যেহেতু আগের বছরগুলোতে ম্যাংগো ট্রেন চালু ফলপ্রসু হয়নি, তাই এবার বনলতা এক্সপ্রেসে আম পরিবহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটিও জেলাবাসীর জন্য কম খরচে আম পরিবহনের একটি ভালো সুযোগ হবে। 

Read more — স্থানীয়
← Home