সরকারের নির্বাচনি ইশতেহারের প্রেস ব্রিফিংয়ে হাজির বিরোধী দলের এমপি

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৩ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ণ
সরকারের নির্বাচনি ইশতেহারের প্রেস ব্রিফিংয়ে হাজির বিরোধী দলের এমপি

চাঁপাইনবাবগঞ্জে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন বিরোধী দলের এক সংসদ সদস্য। বুধবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ঘটনা ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা জানান, জেলা তথ্য অফিস ওই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। প্রেস ব্রিফিং চলাকালীন সেখানে উপস্থিত হোন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। যদিও ওই অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন না। ড. কেরামত আলী জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার আমির। জামায়াতের প্রার্থী হয়েই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পান। 

সংসদ সদস্য উপস্থিত হলে তাকে অনুষ্ঠান সম্পর্কে অবহিত করেন জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মন। পরে সংসদ সদস্য ড. কেরামত আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে যে ইশতেহার পেশ করা হয়েছিলো তার আলোকে কাজ শুরু হয়েছে, হচ্ছে। এগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। সকল কাজই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, এমনটা না। যেমন ফ্যামিলি কার্ড চার বছর পাঁচ বছর ধরেই হবে এবং শেষ পৌঁছতে কত সময় লাগবে এটা এখনো বলা যাবে না। কৃষকের কার্ডও একই ধরনের। নতুন সরকার আসলে সরকারের কিছু ইস্তেহার থাকে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে। বর্তমান সরকার সেটা করছে। 

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে আমরা তিন জনই হচ্ছি জামায়াতে ইসলামের এমপি। সরকার বিএনপির। আমরা যদি সবকিছুই সমন্বয় করে করতে পারতাম তাহলে কাজটা ভালো হতো। কিন্তু অনেক সময় সেটা হচ্ছে না। মুখোমুখি হয়ে যাচ্ছি আমরা।

প্রেস বিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জুসহ অন্যরা। 

Read more — স্থানীয়
← Home