৩০ বছর পর আমনুরার তুহীনকে খুঁজে পেলেন তার ভারতের বন্ধু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৭ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ
৩০ বছর পর আমনুরার তুহীনকে খুঁজে পেলেন তার ভারতের বন্ধু

দুজনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ছাত্র। একজন বাংলাদেশি, আরেকজন ভারতীয় নাগরিক। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকলো এ সময়। একজন ভারতে থাকলেও আরেকজন চলে আসলেন নিজ দেশ বাংলাদেশে। বিচ্ছিন্ন হয়ে গেলো দুই বন্ধুর যোগাযোগ।

৩০ বছর যোগাযোগ বিচ্ছিন্ন এমন দুই বন্ধুর মধ্যে আবারও যোগাযোগ স্থাপন করে দিয়েছে ফেসবুকের ‘বঙ্গ ভিটা’ নামের একটি পেইজ। আজ রোববার দুই বন্ধু মুঠোফোনে কথা বলেন। কথায় কথায় আবেগ-আপ্লুত হয়ে ভাসেন স্মৃতির অতলে।

বলছি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরার বাসিন্দা আনোয়ার আলী তুহীন ও ভারতের পশ্চিমবঙ্গের মালদার মোহা. রফিকুল আলমের কথা।

১৯৯৩-৯৪ সালের কথা। তুহীন ও রফিকুল কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হলে। দুজনের মধ্যে গড়ে ওঠে ভীষণ বন্ধুত্ব। কিন্তু পড়াশোনা শেষে তুহীন দেশে ফেরেন।

রফিকুল আলমের ভাষ্য অনুযায়ী- ‘যে ডায়েরিতে তুহিনসহ অন্যান্য বন্ধুদের নাম-ঠিকানা ও টেলিফোন নম্বর লেখা ছিলো, তা হারিয়ে যায়। এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু বিশ্বাস ছিলো কোন একদিন যোগাযোগ হবেই। ফিরে পাবো বন্ধুদের।’

শনিবার ফেসবুকের ‘বঙ্গ ভিটা’ পেইজে একটি পোস্ট দেন রফিকুল আলম। সেখানে তিনি সব বর্ণনা লিখেন এবং বন্ধুর খোঁজ চান। চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহীর অনেকেই সাড়া দেন তার পোস্টে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমনূরা রেলওয়ে স্টেশনের প্রাক্তন স্টেশন মাষ্টার খাইরুল আলম। তিনি তুহীনকে খুঁজে পেতে সহযোগিতা করেন। তুহীনের নম্বর হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান রফিকুল আলমের কাছে। পরে দুজনের মধ্যে কথা হয়েছে।

রফিকুল আলম চাঁপাই লাইভকে বলেন, অনেক বছর ধরেই আমি তুহীনকে খুঁজছিলাম। যদিও বঙ্গ ভিটা পেইজে দেয়া পোস্টে তার নাম ভুল করে তানভীর লিখেছিলাম। কিন্তু খাইরুল সাহেবের কমেন্ট থেকে পরে সংশোধন করি এবং তার দেয়া নাম্বারেই কথা বলেছি তুহীনের সঙ্গে। তিনি বলেন, ৩০ বছর আগে হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পাওয়ার আবেগ ভাষায় প্রকাশ করার মতো নয়।

অন্যদিকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আনোয়ার আলী তুহীন ফেসবুকে লেখেন- ‘ফেসবুক বন্ধুদের সহযোগিতায় কলকাতা বিশ্ববিদ্যালয় এক বন্ধুকে খুঁজে পেলাম। সকলের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তুহীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ওসি পদে কর্মরত রয়েছেন।

Read more — স্থানীয়
← Home