ফেরত নেয়নি বিএসএফ, বাঙ্গাবাড়ি সীমান্তের নো-ম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৫ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
ফেরত নেয়নি বিএসএফ, বাঙ্গাবাড়ি সীমান্তের নো-ম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের ঠেলে পাঠানো (পুশ-ইন) ২৮ জন নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে। বিএসএফ এখনো তাদের ফেরত নেয় নি। এমনকি তাদের ব্যাপারে কোন সিদ্ধান্তও জানায় নি বিজিবিকে।

শুক্রবার সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানিয়েছেন।

বিজিবি অধিনায়ক বলেন, বৃহস্পতিবার ভোর থেকে ওই ২৮ জন সীমান্তের নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা থেকে নোম্যান্সল্যান্ডের ভারতীয় অংশের ৫০ গজ অভ্যন্তরে রয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকে বিএসএফ ২৮ জনকে ঠেলে পাঠানোর কথা স্বীকার করে। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে বলেও বিজিবিকে আশ্বস্ত করেন বিএসএফের কর্মকর্তারা। কিন্তু পরবর্তীতে আর কোন সিদ্ধান্ত জানানো হয়নি বিজিবিকে। 

বিজিবির তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্ত পিলার ২০৩/৬-আর সংলগ্ন এলাকা দিয়ে ওই ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর হয়। বিএসএফের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঠেলে পাঠায়। ওই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তবে বিজিবির প্রতিরোধের মুখে ২৮ জন বাংলাদেশে আসতে পারেনি। এরপর থেকেই তারা নোম্যান্সল্যান্ডে অবস্থান করছেন। 

ঘটনার পর গতকাল বিকালে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

Read more — স্থানীয়
← Home