হঠাৎ করেই চাঁপাইনবাবগঞ্জ ঘুরে গেলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৭ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ণ
হঠাৎ করেই চাঁপাইনবাবগঞ্জ ঘুরে গেলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন। রোববার সকালে তিনি জেলার সীমান্তবর্তী এলাকার প্রাচীন গৌড় নগরীর প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেছেন। ঐতিহাসিক ছোট সোনামসজিদসহ আশপাশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেন। একই সময়ে মার্কিন রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 

এর আগে রাজশাহী থেকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সরাসরি পৌঁছান ভারত-বাংলাদেশ সীমান্তের সোনামসজিদ স্থলবন্দর এলাকায়। ওই এলাকায় থাকা সুলতানী আমলের ঐতিহাসিক সোনামসজিদসহ আশেপাশে অন্যান্য ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। এছাড়া সোনামসজিদ সীমান্তের দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন। প্রাচীন গৌড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখার সময় রাষ্ট্রদূতকে বেশ আগ্রহী ও আনন্দিত দেখা যায়। তিনি বিভিন্ন স্থাপনার ছবি নিজেই ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। 

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read more — স্থানীয়
← Home